May 12, 2026 9:54 PM

printer

ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ-রাজনৈতিক যে কোনও বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে, বলেছেন পীযূষ গোয়েল

বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ-রাজনৈতিক – ইত্যাদি যে কোনও বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত ‘সিআইআই (CII) বার্ষিক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন ২০২৬’-এ বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ড-বিখণ্ড ভূ-রাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে। কিন্তু ভারত ধারাবাহিকভাবেই প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন যে, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পখাতকে শক্তিশালী করতে, দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, ভারতের মোট রপ্তানির পরিমাণ আনুমানিক ৮৬৩ বিলিয়ন ডলার বলে মনে করা হচ্ছে। যা সর্বকালীন রেকর্ড। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর মানদণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে দেশের কাছে এতটাই পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা ভাণ্ডার রয়েছে যা দিয়ে প্রায় এগারো মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব; আর এই বিষয়টি বিশ্বমঞ্চে ভারতকে অত্যন্ত শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছে। শ্রী গোয়েল বলেন, কোনো চাপের কাছেই এই দেশ কখনো নতি স্বীকার করেনি, বরং কঠিন ও চ্যালেঞ্জিং সময়েও ভারত সর্বদা আরও বেশি শক্তিশালী হয়েই আত্মপ্রকাশ করেছে।