মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে সেখানে পাঠানোর জন্য রোবোটিক ল্যান্ডার, লাফিয়ে চলতে সক্ষম ড্রোন এবং বিশেষ যানবাহনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস এর মহাকাশ সংস্থা ব্লু অরিজিন এই প্রকল্পে যন্ত্র নির্মাণের জন্য নির্বাচিত সংস্থাগুলির অন্যতম।
মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ২০২৮ সালের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই আবারও মার্কিন মহাকাশচারীদের চাঁদে অবতরণ করানো। চাঁদের মাটিতে মানুষ পাঠানোর ক্ষেত্রে নাসাকে চীনের সঙ্গে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে । ফলে নতুন মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকার চাপও বাড়ছে মার্কিন মহাকাশ সংস্থার উপর।
উল্লেখ্য, চীনও ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়ে দ্রুত এগোচ্ছে। গতকাল তারা শেনঝাউ-২৩ মহাকাশযান উৎক্ষেপণ করে সে দেশের মহাকাশচারীদের তিয়াঙ্গং মহাকাশ স্টেশনে পাঠিয়েছে।
এদিকে, এ বছরের মার্চ মাসে নাসা ২০ বিলিয়ন ডলারের একটি কর্মসূচী ঘোষণা করে। এর আওতায় ২০৩২ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে পারমাণবিক ও সৌরশক্তিচালিত স্থায়ী ঘাঁটি নির্মাণ করা হবে।
নাসার প্রশাসক জারেড ইসাকম্যান বলেছেন, এই ঘোষণাগুলির অর্থ মার্কিন যুক্তরাষ্ট্র আর কখনও চাঁদকে হাতছাড়া করবেনা। এই ঘাঁটি নির্মিত হলে বৈজ্ঞানিক গবেষণা, মূল্যবান খনিজ সম্পদ আহরণ এবং মঙ্গল গ্রহে অভিযান আরও সহজ হবে।