বিশ্ব আবহাওয়া সংস্থা WMO কঠোর সতর্কতা জারি করে জানিয়েছে , ‘এল নিনো’ নামক আবহাওয়া পরিবর্তন চক্রটি ক্রমশ দানা বাঁধছে এবং ধারণা করা হচ্ছে যে, চলতি বছরে এটি বিশ্বজুড়ে চরম আবহাওয়া বিপর্যয় তৈরি করবে। সংস্থাটি জানিয়েছে, এই বছরের জুন থেকে আগস্ট মাসের মধ্যে এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ। এটি নভেম্বর মাস পর্যন্ত স্থায়ী হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিস্থিতির তীব্র প্রভাব পড়বে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলভাগ উষ্ণ হয়ে উঠলে এল নিনো-র পরিস্থিতি তৈরি হয় । এর ফলে প্রায়শই তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের ধরনে পরিবর্তনের হয়। যার ফলে কোনো কোনো অঞ্চলে দেখা দেয় খরা, আবার অন্য কোনো অঞ্চলে ঘটে অতিবৃষ্টি ও বন্যা। এছাড়া, হারিকেন বা ঘূর্ণিঝড় সৃষ্টির প্রক্রিয়াকেও এটি প্রভাবিত করে থাকে।