June 4, 2026 8:25 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে, যোগব্যায়াম বা ‘যোগ’ হলো মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে, যোগব্যায়াম বা ‘যোগ’ হলো মানবজাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা অ্যারেনায় আয়োজিত প্রথম ‘ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ ‘যোগাসন’-কে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে। শ্রী মোদী উল্লেখ করেন, যোগাসন বিশ্বজুড়ে যত ছড়িয়ে পড়বে, ততই অ্যাথলিট বা খেলোয়াড়দের জন্য নতুন সম্ভাবনা ও কেরিয়ারের সুযোগ তৈরি হবে।

কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক, আয়ুষ মন্ত্রক এবং সাই (SAI)- এই প্রতিযোগিতায় সহায়তা দিচ্ছে।

আহমেদাবাদের একা অ্যারেনায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে আমেরিকা, ঘানা, কেনিয়া এবং মালয়েশিয়া সহ বিশ্বের ৬০টিরও বেশি দেশ থেকে ৪০০-রও বেশি প্রতিযোগী উপস্থিত হয়েছেন। আয়োজক দেশ হিসেবে ভারতও এই প্রতিযোগিতায় শক্তিশালী দল নামিয়েছে। সাব-জুনিয়র থেকে সিনিয়র মাস্টার্স পর্যন্ত মোট ছয়টি বয়সভিত্তিক বিভাগে ভারতের ১২২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।