২০২৫-২৬ অর্থবর্ষে অগ্রাধিকারপ্রাপ্ত ও অগ্রাধিকার-বহির্ভূত ক্ষেত্র মিলিয়ে রাজ্যে প্রায় ৭ লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ বিতরণ হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এই সাফল্য ১৮৪ শতাংশ বেশি। সম্প্রতি নবান্নে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের সভাপতিত্বে রাজ্য স্তরের ব্যাংকার্স কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়েছে। বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল প্রথম এসএলবিসি বৈঠক। বৈঠকে ২০২৬-২৭ অর্থবর্ষে ৩ লক্ষ ৮০ হাজার কোটি টাকার নতুন ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, কৃষি ক্ষেত্রে ঋণ বিতরণ নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০১ শতাংশ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রে ঋণ বিতরণ ১২৪ শতাংশে পৌঁছেছে। তবে রাজ্যের ক্রেডিট-ডিপোজিট অনুপাত ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৭১ শতাংশ, যা এখনও জাতীয় গড়ের ৮০ শতাংশের নিচে। এই ব্যবধান কমাতে সব অংশীদারদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান অর্থমন্ত্রী।