১৩-টি সোনা সহ ৩৯-টি পদক জয় করে ভারত গ্লাসগো কমনওয়েল্থ গেমসে পদক তালিকার চতুর্থ স্হানে উঠে এসেছে। গতকাল গেমসের দশম দিনে ভারত মোট ১৬-টি পদক জয় করে। এবারে গেমসে ভারতের সেরা পারফর্মেন্স দেখা গেছে বক্সিং-এ। ৭-টি সোনা এবং তিনটি রূপো এসেছে এই বিভাগের বিভিন্ন ইভেন্টে।
পুরুষদের ৮০ কেজি বিভাগে অঙ্কুশ পাঙ্ঘল এবং ৬০ কেজি বিভাগে সচিন সিওয়াচ সোনা জিতেছেন।
এছাড়া মহিলাদের ৫১ কেজি বিভাগে সাক্ষী চৌধুরী, ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার, ৫৭ কেজি বিভাগে জেসমিন লাঙ্গোরিয়া, ৬০ কেজি বিভাগে প্রিয়া ঘাংঘর্ষ এবং ৭০ কেজি বিভাগে অরুন্ধুতী চৌধুরী ভারতকে সোনা এনে দিয়েছেন।
অলিম্পিক পদক জয়ী লাভলিনা বর্গহাঁই রূপো পেয়েছেন। এছাড়া নরেন্দ্র বারোয়াল এবং যদুমনি সিংও বক্সিং-এ ভারতকে রূপো এনে দিয়েছেন।
অ্যাথলেটিক্সে গুলবীর সিং, পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে রূপো জয়ের পর ৫ হাজার মিটারেও ব্রোঞ্চ পদক পেয়েছেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে একই গেমসে অ্যালেটিক্সে দুটি পদক জয় করে ইতিহাস সৃষ্টি করলেন।
৫ হাজার মিটার দৌড়তে তিনি সময় নেন ১৩ মিনিট ২৪ দশমিক নয় পাঁচ সেকেন্ড। প্যারা অ্যাথলেটিক্সেও গতকাল ভারত ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।
পুরুষদের শর্টপাট F-57 ইভেন্টে সমান রানা সোনা এবং ওই একই বিভাগে শুভম জুয়েল রূপো জিতেছেন। এরফলে একই বিভাগে দুই অ্যাথলিটের পদক জয় অনন্য নজির গড়ল ভারত। পুরুষদের ত্রিপল জাম্পে প্রবীণ চিত্রা ভেল রূপো এবং সেলভা প্রভূ ব্রোঞ্চ পেয়েছেন। জুডোয় উন্নতি শর্মা মহিলাদের ৬৩ কেজি বিভাগে ভারতকে রূপো এনে দিয়েছে।
রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কমনওয়েল্থ গেমসে পদক জয়ীদের অভিনন্দন জানিয়েছেন।
সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রীমতী মুর্মূ বলেছেন, তাঁদের অধ্যাবসায়, দৃঢ় সংকল্প এবং দক্ষতা দেশবাসীকে গর্বিত করেছে।
উপরাষ্ট্রপতি তাঁর বার্তায় ভবিষ্যতের জন্য তাদের সাফল্য কামনা করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাদা আলাদা ভাবে প্রত্যেক পদক জয়ীকে অভিনন্দন জানিয়ে তাদের অনন্য দক্ষতা ও মানসিক শক্তির প্রশংসা করেছেন।
কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়কমন্ত্রী মনসুখ মন্ডভিয়াও পদক জয়ীদের অভিন্দন জানিয়েছেন।