‘হর ঘর তিরঙ্গা’ অভিযান আজ শুরু হচ্ছে। চলবে এই মাসের ১৭ তারিখ পর্যন্ত। এই উদ্যোগের লক্ষ্য হলো নাগরিকদের জাতীয় পতাকা উত্তোলনে এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য ও ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা। এই অভিযানটি শুরু হয়েছিল ২০২২ সালে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অংশ হিসেবে। এ বছরের অভিযানটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি ভারতের জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’-এর ১৫০তম বার্ষিকীর সঙ্গে মিলে গেছে। এবারের উদযাপনের অংশ হিসেবে সারা দেশে ‘বন্দে মাতরম’ সমবেতভাবে গাওয়ার আয়োজন করা হচ্ছে।
ভারত বিভাজনের ফলে সৃষ্ট যন্ত্রণা ও বাস্তুচ্যুতির কথা স্মরণ করতে কেন্দ্রীয় সরকার ১৪ই আগস্ট সারা দেশে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’পালন করবে। এই পালনের কর্মসূচির মধ্যে থাকছে মৌন পদযাত্রা, দেশ বিভাগ বিষয়ক প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অন্যান্য স্মারক অনুষ্ঠান। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক নাগরিকদের গর্বের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে ‘বন্দে মাতরম’ গান শেখা ও গাওয়া, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগগুলোকে স্মরণ করারও আহ্বান জানানো হয়েছে। এই অভিযানকে কেন্দ্র করে ২০০টিরও বেশি ভারতীয় দূতাবাস, হাইকমিশন এবং কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে। এ বছরের উদযাপনের প্রধান আকর্ষণ– ‘সূর্য পথ তিরঙ্গা’ ডিজিটাল রিলে বা ধারাবাহিক কর্মসূচি। বিভিন্ন টাইম জোনে সূর্যোদয়ের ক্রম অনুযায়ী নির্বাচিত ৫৪টি ভারতীয় মিশন ও পোস্ট এতে অংশগ্রহণ করবে। এই রিলে বা ধারাবাহিক কর্মসূচিটি ১৫ই আগস্ট ফিজিতে অবস্থিত ভারতের সর্ব-পূর্বের কূটনৈতিক মিশন থেকে শুরু হবে এবং সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল-এ গিয়ে শেষ হবে।