হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় ক্রু সদস্যর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। তাঁদের মধ্যে ছয়জন ভারতীয় ও দু’জন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ওমানের জলসীমায় ‘মোম্বাসা’ ও ‘আল বাহিয়া’ নামে দুটি ট্যাঙ্কার হামলার শিকার হয়। নিহত ভারতীয় ‘মোম্বাসা’ ট্যাঙ্কারে কর্মরত ছিলেন।
এই হামলার তীব্র নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরশাহী। এটা আন্তর্জাতিক আইন বিরোধী এবং এই হামলা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তার পক্ষে উদ্বেগের বলে মন্তব্য করেছে সে’দেশের প্রতিরক্ষা মন্ত্রক। সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে, এমন ঘটনার কড়া জবাব দিতে তারা প্রস্তুত। পশ্চিম এশিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।