July 22, 2026 10:56 AM

printer

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে, তেহরানের বাধা দেওয়ার ক্ষমতা আরও কমিয়ে আনতে, গতরাতেও ইরানে বিমান হামলা চালানো হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে।

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে, তেহরানের বাধা দেওয়ার ক্ষমতা আরও কমিয়ে আনতে, গতরাতেও ইরানে বিমান হামলা চালানো হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড-সেন্টকম জানিয়েছে, সামরিক কেন্দ্র, সামুদ্রিক ক্ষমতা কেন্দ্র, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালানো হয়।

এর আগে, গত ৩ মাসে কৌশলগত এই জলপথ দিয়ে চলাচলকারী ৩০ টিরও বেশি বাণিজ্যিক জাহাজের ওপর ইরান হামলা চালিয়েছিল। সেন্টকম জানিয়েছে, ইরানের আগ্রাসী মনোভাব সত্ত্বেও, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে। গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে প্রায় ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী প্রায় ৯০০ টি বাণিজ্যিক জাহাজের চলাচল অব্যাহত রাখতে মার্কিন বাহিনী সহায়তা করেছে, বলে সেন্টকমের দাবি।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং’  জানিয়েছে, হামলা শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণার পরই ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলার খবর পাওয়া গেছে। ইলাম প্রদেশের চাবাহার ও আবদানান অঞ্চল এবং আবদানানের দিনারকোহ এলাকায় বিমান হামলার খবর পাওয়া গেছে। খুজেস্তান প্রদেশের মাহশাহর এবং পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের কুর্দিস্তান প্রদেশের বানেহ শহরের সীমানার বাইরের একটি স্থান এবং বেহবাহান ও ওমিদিয়েহ শহরের আশপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চলেছে বলে খবর।

গত মাসে স্বাক্ষরিত ১৪-দফা সমঝোতা স্মারক-MoU ভেস্তে যাওয়ার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ব্যাপক হামলা শুরু হয়।