হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার কয়েক ঘণ্টা পরই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার দায়ে ইরানকে চড়া মূল্য দিতে বাধ্য করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। একজন মার্কিন আধিকারিক জানিয়েছেন, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং জাহাজ-বিধ্বংসী ক্রুজ মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। ইরানের বন্দর গুলিকেও আক্রমের লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম, কেশম ও বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছে। ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, মার্কিণ যুক্তরাষ্ট্রের এই নতুন হামলা একটি চুক্তির লঙ্ঘন।
এদিকে, মার্কিণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত অবসানের লক্ষ্যে করা অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় ইরানি তেল বিক্রির যে অনুমতি বা লাইসেন্স দেওয়া হয়েছিল, মার্কিণ যুক্তরাষ্ট্র তা বাতিল করেছে।
ইরানের বিদেশ মন্ত্রক লাইসেন্স বাতিলের মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে যে, এটি অন্তর্বর্তীকালীন চুক্তির লঙ্ঘন এবং প্রতিশ্রুতি ভঙ্গের ফলে সৃষ্ট পরিস্থিতির দায় মার্কিন সরকারকেই বহন করতে হবে।