June 16, 2026 9:19 AM

printer

স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান “The Order of the White Double Cross, First Class” –এ ভূষিত করেছেন।

স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলিগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান “The Order of the White Double Cross, First Class” –এ ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি, তাঁর সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলেও শ্রী মোদী উল্লেখ করেন।

এই পুরস্কারকে তিনি আস্থা, বিশ্বাস, উষ্ণতা ও ভালোবাসার প্রতীক হিসাবেও অভিহিত করেন, যা ভারত ও স্লোভাকিয়ার মানুষকে এক নিবিড় বন্ধনে আবদ্ধ করেছে। এই সম্মান দুদেশেরই ভবিষ্যত্ প্রজন্মকে তাদের বন্ধুত্বের বিশেষ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উত্সাহিত করবে বলেও প্রধানমন্ত্রী মোদী আশা প্রকাশ করেন।

এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে  প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্লোভাক রাষ্ট্রপতি। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গনে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। এরপর তাঁরা পঞ্চতন্ত্র চিত্রকলা প্রদর্শনী ও ঘুরে দেখেন।

ভারতীয় বংশোদ্ভূত বহু মানুষ, প্রধানমন্ত্রী মোদীকে এক ঝলক দেখার জন্যে ভিড় জমান প্রাসাদের বাইরে।

উল্লেখ্য, ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বে সম্পর্কে উন্নীত করেছে।  দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে ১১ টি চুক্তি ও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চ-শিক্ষা, এ আই চেয়ার স্হাপন, দু-দেশের পড়ুয়াদের আদান-প্রদান কর্মসূচী এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র।  ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও  স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রর্বাট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমী এবং স্লোভাক বিজ্ঞান অ্যাকাডেমীর মধ্যে সহযোগিতার বিষয়েও চুক্তি স্বাক্ষারিত হয়েছে।  উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিকস্তরে আলাপ-আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে।