স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার রাজ্যে চারটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর জেলায় এই নতুন মেডিকেল কলেজগুলি তৈরি করা হবে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় আজ বিধানসভায় জানিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের চলতি বছরের বাজেট বরাদ্দের উপরে আলোচনার জবাবী ভাষণে তিনি বলেন, রাজ্যের ১৩ টি মেডিকেল কলেজে এমবিবিএসে ৬৫০ টি আসন বৃদ্ধির চেষ্টা চলছে। উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল ও একটি উন্নত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র তৈরি উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের আওতায় এক হাজার ৩০৯কোটি টাকার বেশি বিনিয়োগে ২৩ টি ক্রিটিকাল কেয়ার ব্লক, সম সংখ্যক জেলা জনস্বাস্থ্য গবেষণাগার,৪৬১ টি গ্রামীন এবং ২০৪টি শহরে আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরির অনুমোদন দেওয়া হয়েছে । পাশাপাশি রাজ্যকে বিশ্বমানের চিকিৎসা পর্যটনের একটি পছন্দের গন্তব্য হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি বেসরকারি যৌথ অংশীদারীত্বে পাঁচটি আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে বলে তিনি উল্লেখ করেছেন।
রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ২ হাজার ২১৫ টি শয্যা বরাদ্দ করা হয়েছে। সেখানে রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। আলোচনার শুরুতে তৃণমূল কংগ্রেসের আজাদ মিনজাজুল আরফিন বিরোধিতা করি স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত অস্থায়ী কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানান। কংগ্রেসের জুলফিকার আলী, সিপিএমের মোস্তাফিজুর রহমান, সেকুলার ফ্রন্ট এর নওশাদ সিদ্দিকী সহ মোট ১২ জন আলোচনায় অংশ নেন।