স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা – ৬ প্রকাশ করেছে। এতে মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং আর্থিক নিরাপত্তায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতির ছবি ফুটে উঠেছে। গতকাল প্রকাশিত এই সমীক্ষা অনুসারে দেখা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুর জন্মগ্রহনের হার ৮৮ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৯০ দশমিক ৬ শতাংশ হয়েছে। প্রায় ৯৬ শতাংশ গর্ভবতী মহিলা প্রসব পূর্ববর্তী সেবা পাচ্ছেন। সন্তান ধারনের প্রথম ত্রৈমাসিকে প্রসব পূর্ববর্তী সেবা পাবার হার ৭০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৭৬ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। ভারতের মোট প্রজনন হার দু-য়েই অপরিবর্তিত আছে। সমীক্ষায় দেখা গেছে, ১২ থেকে ২৩ মাসের শিশুদের মধ্যে টীকা করণের হার ৯৬ শতাংশের বেশী। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মিশন পরিবার বিকাশ সহ জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচীর লাগাতার প্রভাবের কারণেই এই অগ্রগতি।
সমীক্ষায় আরো দেখা গেছে, দেশে মহিলাদের ডিজিটাল অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি পেয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্যক্ষেত্রে অর্থনৈতিক নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলেছে।
মহিলাদের আর্থিক ক্ষমতায়ন ও ডিজিটাল মাধ্যমে অংশগ্রহণের হার বৃদ্ধির বিষয়টিও সমীক্ষায় উঠে এসেছে। দেশে প্রায় দ্বিগুণ হারে বেড়েছে মহিলাদের ইন্টারনেট ব্যবহার।