স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজস্থানে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের সাঞ্চু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন। তিনি সেখানে সীমান্তরক্ষী বাহিনী – বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন এবং দেশের সীমা সুরক্ষায় তাদের নিষ্ঠার প্রশংসা করেন। এর পর শ্রী শাহ ‘ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম-২’ রাজ্যের সীমান্ত অঞ্চলের উদ্দ্যেশ্যে উৎসর্গ করেন। এই উদ্যোগের আওতায় আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতে শিক্ষা, সড়ক, বিদ্যুৎ এবং কর্মসংস্থানসহ প্রয়োজনীয় পরিকাঠামো ও সুযোগ সুবিধা বাড়ানো হবে। বারমের, বিকানের এবং জয়সলমির জেলার গ্রামগুলিকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে ।
অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, বিএসএফ এর ডি জি প্রবীণ কুমার, গোয়েন্দা ব্যুরোর প্রধান তপন দেকা এবং রাজস্থানের মুখ্যসচিব ভি. শ্রীনিবাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এর পর শ্রী শাহ বিকানেরে বিএসএফ সদর দফতরে সীমান্ত নিরাপত্তা নিয়ে একটি বৈঠকের সভাপতিত্ব করবেন। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, রাজস্থান সরকার এবং বিএসএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।