July 25, 2026 12:26 PM

printer

স্পেন এবং ফ্রান্সে ভয়াবহ দাবানলের কারণে স্পেন সরকার এ ঘটনায় জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করেছে।

স্পেন এবং ফ্রান্সে ভয়াবহ দাবানলের কারণে স্পেন সরকার এ ঘটনায় জাতীয় জরুরী অবস্থা ঘোষণা করেছে। স্পেনের মাদ্রিদের পশ্চিমে ছড়িয়ে পড়া তিনটি পৃথক দাবানল মিশে গিয়ে বিশাল অগ্নিকাণ্ডের রূপ নিয়েছে। দাবানলের ভয়াবহতায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। তীব্র দাবদাহ, প্রবল বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে উঠেছে। মাদ্রিদ অঞ্চলে ৬০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার মধ্যে প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্যদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রিদের আঞ্চলিক নেত্রী ইসাবেল দিয়াজ আয়ুসো, এটিকে ওই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে অভিহিত করেছেন। 

অন্যদিকে, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে দাবানল ছড়িয়ে পড়ায় ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জিরোন্দের শহরে দাবানলের কারণে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ১৯ হাজার হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, খরা, তাপমাত্রার তীব্রতা এবং প্রবল বাতাসের কারণে দাবানল অস্বাভাবিক শক্তিশালী হয়ে উঠেছে।  এবং তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ইউরোপীয় দেশগুলোর পাঠানো সামরিক সহায়তা-সহ ও  অতিরিক্ত সাহায্য ঘটনাস্থলে পাঠিয়েছেন। দাবানল নেভানোর সময় প্রায় ৫০ জন দমকলকর্মী আহত হয়েছেন।