July 24, 2026 11:47 AM

printer

স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩-তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে।

স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩-তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ও ভি ও হাইড্রো অ্যারেনায় রানি ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্ট-এর প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১০ দিনব্যাপী এই আয়োজনে ৭৪টি দেশের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন।

ভারতের পতাকাবাহী মীরাবাই চানু এবং আনুষ্ঠানিক ব্যাটন-বাহক লাভলিনা বরগোহাইঞ-এর নেতৃত্বে ভারতীয় দল অ্যারেনায় প্রবেশ করে। এ-সময় ক্রীড়াবিদরা ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা নাড়িয়ে অভিবাদন জানান।

এবারের কমনওয়েলথ গেমসে মাত্র ১০টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলি হল – অ্যাথলেটিক্স, সাঁতার, ৩x৩ বাস্কেটবল, ট্র্যাক সাইক্লিং, ভারোত্তোলন, বোলস, আর্টিস্টিক জিমন্যাস্টিকস, নেটবল, বক্সিং এবং জুডো। চারটি ভেন্যু জুড়ে চলবে এই প্রতিযোগিতা। প্যারা-অ্যাথলেটিক্সসহ ভারতীয় দলে মোট ১২৫ জন সদস্য রয়েছেন।

উল্লেখ্য, গতবারের কমনওয়েলথ গেমসে ভারত ৬১টি পদক জিতেছিল।