July 21, 2026 9:50 PM

printer

সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতে রাজ্য সরকার, কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে।

সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতে রাজ্য সরকার, কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘর থেকে ভার্চূয়ালি এই প্রকল্পের সূচনা করেন। এখনও পর্যন্ত এক হাজার ৮১০ জন গ্রাহক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অসহযোগিতায় রাজ্যে এই প্রকল্প এতো দিন চালু করা যায়নি। বাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্যে ৭৮ হাজার টাকা পর্যন্ত কেন্দ্রের ভর্তুকি পাওয়া যাবে। এর পরেও তপশিলী জাতি, উপজাতি পরিবারকে রাজ্য সরকার প্রতি একশো ইউনিটে অতিরিক্ত ৫ হাজার টাকা করে ভর্তুকি দেবে। ইতিমধ্যে অনেক গ্রাহককে ভর্তুকির সম্পূর্ণ টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। একশো ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্যে নিখরচায় প্যানেল বসানো ও রক্ষণাবেক্ষণ সহ ৫০ হাজার টাকা মোট খরচের মধ্যে উপভোক্তাকে ২০ হাজার টাকা দিতে হবে। আগামী মার্চ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যে এই প্রকল্পে এক লক্ষ গ্রাহক তৈরির লক্ষ্যমাত্রা দিলেও রাজ্য সরকার ৫ লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা করেছে বলে মুখ্যমন্ত্রী জানান। শ্রী অধিকারী আজ ভার্চূয়ালি রাজ্যের কয়েকজন গ্রাহকের সঙ্গে কথাও বলেন।