সরকার জানিয়েছে, নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে গতসন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, প্রশ্ন ফাঁস–এর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন।
এর আগে গতকাল NDA সংসদীয় দলের বৈঠক ‘মঙ্গল মিলন’-এ প্রধানমন্ত্রী, আগামী দিনে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে, সারা দেশের সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
বৈঠক চলাকালীন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজেজু বলেন, দেশের যুব সম্প্রদায়ের স্বার্থ সুরক্ষার পাশাপাশি নিট প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সরকারের দায়বদ্ধতার কথা, প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন।
এদিকে, লোক কল্যাণ মার্গের কাছে বিক্ষোভস্থল থেকে আটক করার পর গতকাল, দিল্লি পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী দলের সকল নেতাকে মুক্তি দিয়েছে।
এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা গতকাল নতুন দিল্লির ডঃ রাম মনোহর লোহিয়া হাসপাতাল পরিদর্শন করেন এবং ‘নিট-ইউজি’ (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানীতে, বিক্ষোভে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। মন্ত্রী, হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও বৈঠক করেন। এছাড়া, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন এবং সেখানে চিকিৎসাধীন আহত বিক্ষোভকারীদের সঙ্গেও দেখা করেন তিনি।