সমাজকর্মী সোনম ওয়াংচুক ২৬ দিন পর তাঁর অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গত রাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং-এর উপস্থিতিতে ২৬ দিনের অনশন কর্মসূচি শেষ করেন ওয়াংচুক। হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো এবং লেহ-লাদাখের শীর্ষ কর্তৃপক্ষের বরিষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন। শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে সরকারের জবাবদিহি চেয়ে গত মাসের ২৮ তারিখ থেকে শ্রী ওয়াংচুক অনশন শুরু করেছিলেন।
এর আগে, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সাংসদ তাঁর সঙ্গে দেখা করেছিলেন অথবা তাঁকে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন। শ্রী ওয়াংচুক জানিয়েছেন, বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথাও কোনও ধরণের হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে, সে-জন্য তিনি সকলকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজকর্মী সোনম ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলার অনুরোধ জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী মোদী, ঈশ্বরের কাছে শ্রী ওয়াংচুকের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা নিবেদন করেছেন।