July 19, 2026 6:13 PM

printer

সংসদ ভবনে আজ বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সংসদ ভবনে আজ বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্হিত ছিলেন, সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু, সরকার পক্ষের রাজ্যসভার নেতা জগৎপ্রকাশ নাড্ডা, সংসদীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল প্রমুখ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী রিজিজু বলেন, বৈঠকে তাঁরা সমস্ত রাজনৈতিক দলকে মসৃণভাবে সংসদীয় কাজকর্ম চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, সরকার পক্ষ মূল বিষয়গুলি নিয়ে গঠনমূলক আলোচনার পক্ষপাতি। গণতন্ত্রের স্বার্থে কোনরকম বাধা-বিঘ্ন সৃষ্টি না করে ফলপ্রসূ বিতর্ক চালানো উচিত।

এদিন, বৈঠক শুরুর ঠিক পরেই বিরোধী দলগুলি সভা থেকে ওয়াকআউট করে। সংবাদ মাধ্যমকে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র জানান, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস এবং আপ সহ সমস্ত বিরোধী দল প্রতিবাদের অংশ হিসেবে বৈঠক থেকে বেরিয়ে গেছে। তাঁর অভিযোগ সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণকারী ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি, এন সি পি আই কোনো স্বীকৃত সংসদীয় দল নয়। পরে অবশ্য, কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ সহ অন্যান্য বিরোধী সাংসদরা বৈঠকে ফিরে আসেন।

এদিকে, এন সি পি আই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী দলগুলিকে বৈঠক চলাকালীন প্রতিবাদ করার তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, এন সি পি আই বর্তমানে এন ডি এ জোটের দ্বিতীয় বৃহত্তম দল।

উল্লখ্য, সংসদের বাদল অধিবেশন শুরু হবে আগামীকাল থেকে। চলবে ১৩-ই আগস্ট পর্যন্ত।