July 19, 2026 4:06 PM

printer

সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক আজ সংসদ ভবনে শুরু হয়েছে

সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক আজ  সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা জগৎ প্রকাশ নাড্ডাও উপস্থিত রয়েছেন। বৈঠক শুরুর পরপরই বিরোধী দলগুলো প্রথমে সভা থেকে ওয়াকআউট করে। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপ চারিতায় তৃণমূল  কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র জানান যে, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টিসহ সমস্ত বিরোধী দল প্রতিবাদের অংশ হিসেবে বৈঠক থেকে বেরিয়ে গেছে। তিনি আরও অভিযোগ করেন যে, সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণকারী ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই) কোনো স্বীকৃত সংসদীয় দল নয়।

তবে, নিজেদের প্রতিবাদ জানানোর পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, সিপিআইএম নেতা জন ব্রিটাস, জেএমএম-এর মহুয়া মাজি এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রসহ বিরোধী দলের সদস্যরা বৈঠকে পুনরায় যোগ দিয়েছেন।

অধিবেশন চলাকালীন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আলোচনা ও পাসের জন্য উত্থাপন করার কথা রয়েছে। এই বৈঠকের মাধ্যমে সরকার আসন্ন বাদল অধিবেশনে সংসদের উভয় কক্ষের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে।

উল্লেখ্য বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে এবং আগামী মাসের ১৩ তারিখ পর্যন্ত চলবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।