সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। এবারের অধিবেশন চলবে ১৩ই আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিল এবার আলোচনা ও পাশের জন্য পেশ করা হবে। অধ্যক্ষ ওম বিড়লা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI-তে যোগ দেওয়া ২০ জন বিক্ষুদ্ধ তৃণমূল কংগ্রেস সাংসদকে লোকসভায় পৃথক আসনে বসার অনুমোদন দিয়েছেন। গতকালই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন NCPI দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
এদিকে প্রথা অনুযায়ী অধিবেশন শুরুর আগে আজ সর্বদল বৈঠক ডেকেছে সরকার। সেখানে ডাকা হয়েছে NCPI -কেও। লোকসভায় তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীদের গতকালই চিঠি পাঠিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সুদীপ বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি লোকসভায় এনসিপিআই-এর মুখ্য সচেতক কাকলি ঘোষদস্তিদারকেও সর্বদল বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানা গেছে।