ষোড়শ ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন সফলভাবে নতুনদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার পর জাপানের বেশ কয়েকটি সংবাদপত্র ও গণমাধ্যম ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনগুলিতে কৌশলগত ও অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির বিষয়টি বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।
দি জাপান টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সরবরাহ শৃঙ্খল সমস্যা, জ্বালানি নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি নতুনদিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারের সঙ্গে সম্পর্ক জোরদার করার পদক্ষেপ নিয়েছেন।
কিয়োডো নিউজ জানিয়েছে, এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাবের মধ্যে একটি মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে জাপান ভারতকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে।