শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা আড়াইশো ছাড়িয়েছে। এখনো ৩ হাজারের বেশী মানুষ নিখোঁজ। ধ্বংসস্তুপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোরকদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। উদ্ধারকারী দলের কর্মীরা ধ্বংসস্তুপ খুঁড়ে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে খোঁজ চালাচ্ছেন। তাদের আওয়াজ যাতে সহজেই শোনা যায় সেজন্য চারপাশের পরিবেশ নিস্তব্ধ রাখার আবেদন জানানো হয়েছে।
অধিকাংশ প্রাণহানির খবর পাওয়া গেছে কালি, পেরিয়েরা, মানিজালেস এবং কুইব্দো থেকে। শতাধিক বহুতল সেখানেই ধূলিসাৎ হয়ে গেছে। ভূমিকম্পের উৎসস্হলের কাছাকাছি থাকা এলাকায় এখনও পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। জরুরী পরিবেষাও অমিল।
এদিকে, কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর গভীর শোকপ্রকাশ করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন তিনি। ভারত সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে বলেও বিদেশমন্ত্রী আশ্বাস দেন ।