লোকসভায় ছাড়পত্র পাওয়ায় সংসদে আজ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা বা এম এস এম ই উন্নয়ন সংশোধনী বিল ২০২৬ পাশ হয়েছে। রাজ্যসভায় বিলটি গত সোমবার পাশ হয়েছিল। এই সংশোধনী বিলের লক্ষ্য হল এমএসএমই-গুলির পাওনা অর্থ পরিশোধে বিলম্ব রোধ করা এবং যেকোনো রকম সমস্যার নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করা। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি সব রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাকে এমএসএমই-গুলির কাছ থেকে পণ্য বা পরিষেবা ক্রয়ের ক্ষেত্রে, সমস্ত বিলের অর্থ ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম (ট্রেডস)–এর মাধ্যমে পরিশোধ করতে হবে। এছাড়া, কোনো সমস্যার ক্ষেত্রে মধ্যস্থতার মাধ্যমে সমাধান না হলে, সেই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার তারিখ থেকে ৩০ দিনের মধ্যে বিষয়টি সালিশির বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে।