লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন ও পরীক্ষায় অসদাচারনের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশন্স প্রিভেন্সন অফ আনফেয়ার মিনস আইনের সংশোধন করা হল। পাবলিক এক্সামিনেশন্স প্রিভেন্সন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল ২০২৬ বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছে। রয়েছে, দশ বছর পর্যন্ত কারাবাস, ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধানও সংশোধনীতে বলা হয়েছে। প্রতিটি রাজ্য সরকার, কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসন প্রতিদিনের শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করবে। বিল নিয়ে আলোচনার জবাবী ভাষণে কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, এই বিলে সংশোধনীতে দোষীদের বিরুদ্ধে আরো কঠোর আইন বলবতের সংস্থান রাখা হয়েছে। এছাড়া প্রশ্ন ফাঁসের মত ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা হয়েছে।
সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হয়ে যাওয়ার পর আজ সকাল এগারোটা পর্যন্ত সভা মুলতুবি করে দেওয়া হয়। বিল সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এখন অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, নিট-ইউজি পরীক্ষা পরিচালনায় যে অর্থ ব্যয় হয়, তা দেশের শিক্ষা বাজেটের চেয়েও বেশি। শ্রী গান্ধী বলেন, নিট ইস্যুতে শিক্ষার্থীদের প্রতিবাদের উদ্দেশ্য হিংস্রতা বা ঘৃণা ছড়ানো ছিল না, বরং তা ছিল তরুণদের গভীর ক্ষোভের প্রকাশ। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের উচিত তাঁদের এই ভাবনাকে সম্মান জানানো।