লোকসভায় আজ ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ পেশ করা হয়েছে। এই বিলটির মাধ্যমে ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪’-এ সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে। দুপুর ১২ টায় প্রথমবার মুলতুবির পর অধিবেশন পুনরায় শুরু হলে, কর্মী, জন-অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বিলটি পেশ করেন।
বিলটি পেশ করার সময় বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে পড়েন এবং ‘নিট’ সংক্রান্ত সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় পুলিশের তথাকথিত অমানবিক পদক্ষেপ নিয়ে আলোচনার দাবি জানান। অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা ‘নিট’ সংক্রান্ত বিষয়ে আলোচনার দাবি জানিয়ে আসছিলেন এবং নিম্নকক্ষে পেশ করা এই বিলটি সংস্কারের পথে একটি প্রাথমিক পদক্ষেপ। বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ওপর বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে বলে তিনিও উল্লেখ করেন। দেশের পরীক্ষা ব্যবস্থা সংক্রান্ত সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সদস্যদের মতামত ও দৃষ্টিভঙ্গি প্রকাশের আহ্বান জানান শ্রী বিড়লা। অধ্যক্ষ, সকল সদস্যকে এই গুরুত্বপূর্ণ বিলের ওপর আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহযোগিতা করার অনুরোধ জানান। কিন্তু বিরোধী দলের সদস্যরা ছাত্র আন্দোলনের ওপর পুলিশের তথাকথিত অমানবিক পদক্ষেপের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। হট্টগোল অব্যাহত থাকায় অধ্যক্ষ দুপুর ২ টো পর্যন্ত সদনের অধিবেশন মুলতবি ঘোষণা করেন।