লোকসভায় আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল – ২০২৬ পাশ হয়েছে। আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিরোধীদের হই-হট্টগোলের মধ্যেই বিলটি সভায় পেশ করেন। এই বিলের লক্ষ্য বিভিন্ন ট্রাইবুনালের চেয়ারপার্সন এবং সদস্যদের নিয়োগ এবং তাঁদের কাজকর্মে স্বচ্ছতা আনা, যোগ্যতার ক্ষেত্রে অভিন্ন মাপকাঠি, স্বাধীনভাবে কাজের সুযোগ নিশ্চিত করা। এছাড়াও, একটি জাতীয় ট্রাইবুনাল কমিশন গঠনের প্রস্তাবও রয়েছে এই বিলে। শ্রী মেঘওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কার্যক্রম চলেছে তারই অঙ্গ হিসেবে এই বিল আনা হয়েছে।
মন্ত্রী বলেন, আধুনিক, স্বাধীন এবং অভিন্ন ট্রাইব্যুনাল ব্যবস্থা তৈরির প্রস্তাব রয়েছে এই বিলে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে জাতীয় ট্রাইব্যুনাল কমিশন প্রতিষ্ঠা করা হবে।