July 21, 2026 10:43 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার অ্যাসেম্বলি স্কোপজেতে ভাষণ দিয়েছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার অ্যাসেম্বলি স্কোপজেতে ভাষণ দিয়েছেন। এদিন তাঁর বক্তব্যে ম্যাসিডোনিয়াকে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হিসাবে বর্ণনা করেছেন রাষ্ট্রপতি। দুই দেশের শতাব্দী প্রাচীন সভ্যতা ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে সিনেমা, সংস্কৃতি, শিক্ষা ও যোগের ক্ষেত্রে ভারত-ম্যাসিডোনিয়া পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির কথা বলেন তিনি। দুই দেশের পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে মাদার টেরেসা ও মহাত্মা গান্ধীর প্রসঙ্গও এদিন উঠে এসেছে রাষ্ট্রপতির ভাষণে। গণতান্ত্রিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দিয়ে দুই দেশের জনপ্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু।

তিনি জানান, ভারত ও উত্তর ম্যাসিডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছে। রাষ্ট্রপতি এদিন ঘোষণা করেছেন, উত্তর ম্যাসিডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিইসি প্রশিক্ষনের আসন সংখ্যা দ্বিগুণ করবে। এছাড়া, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের প্রশিক্ষণও দেওয়া হবে। রাষ্ট্রপতি গোরদানা সিলজানোভস্কা দাভকোভার সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি সাংবাদিকদের জানান, দু’পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে পর্যালোচনা করেছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করেছে। রাষ্ট্রপতি জানিয়েছেন, ভারত ও উত্তর ম্যাসিডোনিয়া নানা ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপারে সহমত পোষণ করেছে এবং তথ্য-প্রযুক্তি, তথ্য-প্রযুক্তি নির্ভর পরিষেবা, কৃষি, খাদ্য-প্রক্রিয়াকরণ, ওষুধ শিল্প, বস্ত্র শিল্প, জৈব প্রযুক্তি, পর্যটন এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে  সহযোগিতা আরও বিস্তৃত করার উপর জোর দিয়েছে।

উল্লেখ্য, এই প্রথম ভারতের কোনও রাষ্ট্রপতি উত্তর ম্যাসিডোনিয়া সফরে গেলেন।