রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া – এই ত্রিদেশীয় সফরে আগামীকাল রওনা হবেন। বিদেশমন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ, নতুন দিল্লীতে সাংবাদিকদের জানিয়েছেন, এমাসের ২৫ তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণেই রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসিডোনিয়ায় সরকারি সফরে যাচ্ছেন। তিন দশক পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন, এই সফর মধ্য ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্কের গভীরতা প্রকাশ করে এবং এই অঞ্চলের দেশগুলির সঙ্গে ভারতের অংশীদারিত্বে আরও দৃঢ় করার প্রতিশ্রুতিও ব্যক্ত করে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশের কৌশলগত অংশীদারিত্বের দিকটিও সি বি জর্জ তুলে ধরেন।