রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে পনেরো জন নার্সদের হাতে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার তুলে দেন। নার্সিং ক্ষেত্রে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব -সহ স্বাস্থ্য মন্ত্রকের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক।
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নার্স বা সেবিকা দিবস উদযাপিত হচ্ছে। এবারের মূল ভাবনা- নার্স রা আমাদের ভবিষ্যৎ, নার্সদের ক্ষমতায়ন জীবন রক্ষা করে।
আধুনিক নার্সিং পরিষেবার পথ প্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গিল এর জন্মদিন উপলক্ষে বিশ্বজুড়ে এই আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হয়ে থাকে। আদর্শ, সেবা ও কর্মের মধ্য দিয়ে তিনি যে সেবা কাজ করে গেছেন তারই স্মরণে দিনটি উপলক্ষে নার্সদের (সেবিকাদের) সম্মাননা জ্ঞাপন করা হয়।
এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা দেশের স্বাস্থ্য ব্যবস্থায় নার্সদের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। শ্রী শাহ জানান, নার্সদের নিঃস্বার্থ সেবা ও অবিচল নিষ্ঠাই সুস্থ ভারতের প্রকৃত ভিত্তি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশ তাঁদের নিয়ে গর্বিত। শ্রী নাড্ডা বলেন, নার্সদের কল্যাণে বিনিয়োগের মাধ্যমে আরও স্বাস্থ্যকর সমাজ ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।