রাশিয়া এবং ঐ দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের একাধিক ক্রেতা দেশের ওপর নিষেধাজ্ঞা জারী করতে মার্কিন সেনেটে একটি বিল পাশ হয়েছে। রাশিয়ার সঙ্গে এ ধরণের বাণিজ্য ইউক্রেন যুদ্ধে মদত জোগাতে পারে বলে দাবীকরা হয়েছে। ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ নামে বিলটি মার্কিন সেনেটে ৮৬-১১ ভোটে পাস হয়। বিলটি আইনে পরিণত হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা পাঁচটি প্রধান দেশের পণ্যের উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারবেন। এর আওতায় ভারত, চীন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশও পড়তে পারে। বিলটিতে ১৯৯৬ সালের ইরান স্যাংশনস অ্যাক্ট-এর মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও রয়েছে। ওই আইনের আওতায় ইরানের জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থাগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল এই বিলটির প্রধান উদ্যোক্তা। তবে লিন্ডসে গ্রাহাম ১১ জুলাই প্রয়াত হন।
সেনেটে বিলটির বিরোধিতা করেন একমাত্র রিপাবলিকান সদস্য কেনটাকির সেনেটর র্যান্ড পল। এই শুল্কের বোঝা শেষ পর্যন্ত মার্কিন সাধারণ মানুষের উপরই পড়বে বলে তাঁর দাবী। বিলটি এখন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাস হওয়ার পর ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।