May 14, 2026 8:26 PM

printer

রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব শেষ হয়েছে।

রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব শেষ হয়েছে। দ্বিতীয় দিনে আজ সকাল থেকে দু’দফায় ১১’টি জেলার ১৪০ জন বিধায়ক শপথ নেন।  উল্লেখযোগ্য বিধায়কদের মধ্যে ছিলেন প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি (পরিচারিকার কাজ থেকে উঠে আসা) আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝি-ও শপথ নেন। তাঁদের শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ প্রতীম তাপস রায়।   

 উল্লেখ্য, দু’দিন মিলিয়ে মোট ২৯০ জন বিধায়ক শপথ নিলেন। প্রথম দিনে গতকাল  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ ১৪৪ জন বিধায়ক শপথ গ্রহণ করেন। ২৯৩ জন জয়ী সদস্যের মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং হুমায়ুন কবীর রেজিনগর আসন ছাড়বেন বলে ইতমধ্যেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে চন্ডীতলার স্বাতী খন্দকার পা ভেঙে হাসপাতালে ভর্তি থাকায় তিনি শপথ নিতে পারেননি। দক্ষিণ ২৪ পরগণার ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন ২১শে মে।

এদিকে, বিধানসভায় আজ একসময় রাজনৈতিক স্লোগান ঘিরে উত্তেজনা ছড়ায়। নয়না বন্দ্যোপাধ্যায়ের শপথের আগে বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও, তাঁকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বলে অভিযোগ। পাল্টা নয়না বন্দ্যোপাধ্যায় ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে অবশ্য প্রথামাফিক’ই শপথগ্রহণ সম্পন্ন হয়।  
    আগামীকাল নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতিমধ্যেই কোচবিহার-দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস-এর নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।