রাজ্য জুড়ে গতকাল সূচনা হয়েছে জনগণনার ‘সেলফ এনুমারেশন’ বা স্ব-গণনা প্রক্রিয়ার কাজের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে এর সূচনা করেন। এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে ‘সেলফ এনুমারেশন-এর কাজ হচ্ছে। অনলাইনে আবেদনকারীদের ৩৪ টি প্রশ্নের জবাব দিয়ে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে। দেশ স্বাধীন হওয়ার পর এটি অষ্টম জনগণনা। জনগণনার ‘সেলফ এনুমারেশন’ বা স্ব-গণনা প্রক্রিয়ার প্রথম পর্যায় চলবে ১৫ ই আগস্ট পর্যন্ত। se.census.gov.in পোর্টালে গিয়ে নিজেরাই নিজেদের তথ্য নথিবদ্ধ করতে পারবেন। আগামী ১৬ই আগস্ট থেকে ১৪ ই সেপ্টেম্বর ফিল্ড এনুমারেশন করতে বাড়ি বাড়ি যাবেন জনগণনা নিযুক্ত সরকারি কর্মীরা।
রাজ্যপাল আর. এন. রবি জাতীয় জনগণনায় রাজ্যের সকল নাগরিককে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। গতকাল লোক ভবন থেকে প্রকাশিত এক বার্তায় রাজ্যপাল বলেন, এই জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। দেশের জনসংখ্যা ও পরিবার সম্পর্কিত সঠিক তথ্য পাওয়া গেলে, তা আগামী দিনে উন্নততর পরিকল্পনা গ্রহণ, প্রশাসনিক কার্যকরতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে বিশেষ সাহায্য করবে। এর ফলে উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি নিজেও সেলফ এনিউমারেশন ফর্ম পূরণ করেছেন বলেও জানিয়েছেন রাজ্যপাল।
এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনগণনা কর্মীদের সঙ্গে সবরকমের সহায়তা করার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সেলফ এন্যুমারেশন প্রক্রিয়ায় রাজ্যবাসীর দেওয়া তথ্য গোপন এবং আইনগত ভাবে সুরক্ষিত থাকবে। এই কাজে মোট ১৪ হাজার ৩৯৯ জন কর্মী নিযুক্ত হয়েছেন বলেও মুখ্যমন্ত্রী জানান।