রাজ্যে বিগত সরকারের দুর্নীতির কারণে ১০০ দিনের কাজের প্রকল্পে সঠিকভাবে কাজ হয়নি বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। রাজপুর- সোনারপুর পুরসভা কার্যালয়ে আজ এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, ভিবিজি রামজি প্রকল্পে পূর্বের ১০০ দিনের প্রকল্পের থেকে কিছু আইনের পরিবর্তন এবং নতুন কিছু প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে বিস্তৃতভাবে আরও বেশি সংখ্যক মানুষকে কাজের আওতায় আনা সম্ভব হবে। তবে বিগত সরকারের দুর্নীতির কারণে চার বছর ১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় সরকার অনুদান দেওয়া বন্ধ করে দিয়েছিল। এর ফলে কর্মীদের মধ্যে কাজের দক্ষতা কমে গেছে এবং সঠিক প্রশিক্ষণ হয়নি। তাই ভিবিজি রামজি প্রকল্পের জন্য তিনজন কেন্দ্রীয় প্রতিনিধির নেতৃত্বে কলকাতায় কনভেনশন সেন্টারে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর প্রতিটি জেলায় পঞ্চ সম্মেলন করে এবিষয়ে কর্মীদের অবগত করা হবে। উল্লেখ্য শ্রী ঘোষ আজ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে দক্ষিণ ২৪পরগনা জেলার কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে আবাস যোজনা ভিবিজি রামজি প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মন্ত্রী জানান,দপ্তরের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে প্রতিটি জেলায় পর্যালোচনা বৈঠক হচ্ছে। এর আগে হাওড়া,হুগলি জেলায় বৈঠক হয়েছে।
News On AIR | August 4, 2026 6:49 PM
রাজ্যে বিগত সরকারের দুর্নীতির কারণে ১০০ দিনের কাজের প্রকল্পে সঠিকভাবে কাজ হয়নি বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী অভিযোগ করেছেন।