রাজ্যে জনগণনা শুরুর আগে সীমান্তবর্তী এলাকাগুলিতে জনবিন্যাসের পরিবর্তন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করেছেন। নবান্নে আজ ‘প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে জনগণনার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের সঙ্গে থাকা দীর্ঘ বাংলাদেশ সীমান্ত এলাকায় অতীতে পর্যাপ্ত কাঁটাতার না থাকা এবং সীমান্ত রক্ষী বাহিনী বি এস এফকে জমি না দেওয়ার ফলে জনবিন্যাসে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে বলে তাঁর অভিযোগ।
মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় ২,২১৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। তাঁর দাবি, সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের বসবাস শুরু হয়েছে, যাঁরা ভারতীয় নাগরিক নন। জনগণনার সময় প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে তাঁদের সমস্যা হবে বলেও মন্তব্য করেন তিনি।
শ্রী অধিকারী বলেন, জনগণনার চূড়ান্ত তথ্য প্রকাশিত হলে রাজ্য ও দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তা সহায়ক হবে। একই সঙ্গে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রেও এই তথ্যভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে।
জনগণনা সফল করতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণেরও আবেদন জানান মুখমন্ত্রী। এ সংক্রান্ত তথ্য ও অভাব অভিযোগ জানানোর জন্য জন্য দেশজুড়ে চালু করা হয়েছে ২৪ ঘণ্টার টোল-ফ্রি নম্বর – ১৮৫৫। পশ্চিমবঙ্গে জনগণনা পরিচালন দফতরের ল্যান্ডলাইন নম্বর ০৩৩-২৩৩৫-৯৫০৩। এছাড়া বিস্তারিত তথ্য পাওয়া যাবে পশ্চিমবঙ্গ জনগণনা দফতরের ওয়েবসাইটে।