July 24, 2026 12:10 PM

printer

রাজ্যের নতুন বিজেপি সরকার, উত্তরবঙ্গে পর্যটন, ক্রীড়া ও শিল্পের পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে। 

রাজ্যের নতুন বিজেপি সরকার, উত্তরবঙ্গে পর্যটন, ক্রীড়া ও শিল্পের পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে।  বিধানসভায় গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেটের উপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, উত্তরবঙ্গের সর্বাঙ্গীণ উন্নয়নই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তাঁর দাবি, মাত্র ৮১ দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী সাত বার উত্তরবঙ্গ সফর করে প্রশাসনিক বৈঠক করেছেন, যা এই অঞ্চলের প্রতি সরকারের বিশেষ গুরুত্বেরই প্রমাণ।   

পর্যটনকে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে মন্ত্রী জানান, সান্দাকফু-সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য কনটেনার হোম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যানজট কমাতে গড়ে তোলা হবে, আধুনিক হাইড্রোলিক গাড়ি পার্কিং ব্যবস্থা।  

উত্তরবঙ্গের কৃষিভিত্তিক শিল্পের প্রসার এবং ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নেও একাধিক পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, মালদায় আম, আনারস-সহ কৃষিজাত পণ্যের প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের জন্য অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি ক্লাস্টার গড়ে তুলে আন্তর্জাতিক বাজার তৈরির উদ্যোগ নেওয়া হবে।  

মন্ত্রী বলেন, ভাওয়াইয়া, গম্ভীরা, খন-সহ উত্তরবঙ্গের লোকসংস্কৃতি রক্ষায় বিভিন্ন একাডেমি গড়ে তোলা হবে, যাতে এই ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়।