দেশজুড়ে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময় পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সংস্কৃত একটি উদ্ধৃতি তুলে ধরে তিনি তাঁদের সাহস ও দৃঢ় সংকল্পের কথা স্মরণ করেন। দেশের উন্নয়নে তাঁদের অমূল্য অবদানের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন, ১৯৪৭ সালের ১৪ আগস্ট ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায়ের সাক্ষী। তিনি আরও উল্লেখ করেন, দেশভাগের সময় লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান, আর কোটি কোটি মানুষ ঘরবাড়ি ও প্রিয়জনদের ছেড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হন। তরুণ প্রজন্মের কাছে এই মর্মান্তিক ইতিহাস পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানান শ্রী শাহ।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, দেশভাগের সেই মর্মান্তিক ঘটনায় লক্ষ লক্ষ পরিবার শোক, ঘরছাড়া হওয়া ও অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। একইসঙ্গে, ঘরবাড়ি ও প্রিয়জন হারিয়েও নতুন করে জীবন গড়ে তোলার অগণিত মানুষের সংগ্রাম, সাহস, আত্মত্যাগ ও দৃঢ় মানসিকতার কথাও স্মরণ করেন তিনি।