আজ ২৫ শে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী।
নানা অনুষ্ঠানের মধ্য দিনটি রাজ্য ও দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে।
এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকেই নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি। রয়েছে দিনভর নানা অনুষ্ঠান ও। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলেই ওই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানাবেন।
শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর পাঁচটায় গৌরপ্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়েছে। এরপর রবীন্দ্রভবনে থাকছে কবিকণ্ঠে গান ও আবৃত্তি । জন্ম উৎসবের মূল অনুষ্ঠান শুরু হবে সকাল ন’টায় মাধবী বিতানে। সন্ধ্যায় গৌর প্রাঙ্গনে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা।
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিপ্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। সকালে প্রেক্ষাগৃহের সামনের রবীন্দ্র মূর্তিতে দপ্তরের পক্ষ থেকে মাল্যদান করা হবে। এছাড়াও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে সকালে বরাবরের মতো কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ।
প্রদেশ কংগ্রেসের রাজ্য দপ্তর বিধান ভবনে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।