May 12, 2026 9:49 PM

printer

মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল ১৫ জনকে আটক করেছে

নিট ইউজি ২০২৬ বা  মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল SOG এ পর্যন্ত সন্দেহভাজন ১৫ জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছনোর চেষ্টা করছে। সেই সঙ্গে কীভাবে কালো টাকার লেনদেন হত সেটাও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী, মূল চক্রী জয়পুরের বাসিন্দা মণীশ। তাঁকেও আটক করা হয়েছে।এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে, রাজস্থানের শিকারের পুরপ্রতিনিধি রাকেশ কুমারকেও।

উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত ৩-রা মে-র মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার CBI-কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই, একটি এফ আই আর দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চ শিক্ষা দফতর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফ আই আর-টি করা হয়। সি বি আই-এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা, ও সাক্ষ্যপ্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে।

এদিকে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং  পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ, পরে ঘোষণা করা হবে। এর জন্য দেওয়া হবে, নতুন অ্যাডমিট কার্ড। NTA আরো জানিয়েছে, নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোন ফি জমা দিতে হবে না। এছাড়া ইতিমধ্যেই আগের পরীক্ষার জন্য জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে পরীক্ষার্থীদের। নতুন পরীক্ষার জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করারও দরকার হবে না।