মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুলকারে ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়া সহ তিন জনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষনা করেছেন তিনি। গুরুতর আহতদের আড়াই লক্ষ এবং স্বল্প আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়েছে, রেলের পক্ষ থেকে। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ ১০ জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছায়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা বারোটা নাগাদ চৌরিগাছা থেকে ছেড়ে আসা কাটোয়া আজিমগঞ্জ আপ ট্রেন এবং খাগরাহাট থেকে ডাউন আজিমগঞ্জ কাটোয়া ট্রেন স্বাভাবিক গতিতে যাতায়াত করে। আপাতত ঐ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্যে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সমাজমাধ্যমে জানিয়েছেন। পরে বাঁকুড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, তদন্তে সবদিক খতিয়ে দেখা হবে।
মুর্শিদাবাদের বিধায়ক, মন্ত্রী গৌরী শংকর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সমগ্র পরিস্থিতির উপরেও নজর রাখছেন তিনি। পরে সমাজ মাধ্যমে তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকেও নিহতদের পরিবার পিছু ৫’লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
এদিকে, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এক উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। Principal Chief Safety Officer (PCSO) এই কমিটির নেতৃত্ব দেবেন। একইসঙ্গে রেলের Operating, Engineering, and Signal & Telecommunication বিভাগের তিন শীর্ষ আধিকারিকও এই কমিটিতে থাকবেন।
অন্যদিকে, এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত।
আগেই জানানো হয়েছে, আজ সকালে আপ নবদ্বীপ ধাম এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুরের রেলগেটটি খুলে দেওয়া হয়। পড়ুয়া বোঝাই পুলকারটি রেলগেট পার হওয়ার সময় ঐ লাইনে চলে আসে ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। মুহুর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় স্কুলগাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই স্কুল পড়ুয়া ও এক স্থানীয় বাসিন্দার। রেলের তরফে তিনজনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারী মতে মৃতের সংখ্যা ৫।