মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন, তাকে সার্থক করতেই দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন।
এদিকে, জাহাঙ্গির খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোন ভূমিকা নেই বলে, তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে। দলের বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, জাহাঙ্গীর খান কোনো ভয়ের কাছে নতি স্বীকার করল কিনা, তা’ দল খতিয়ে দেখবে। তবে, নিজেকে যিনি ‘পুষ্পা’ বলে ঘোষণা করেছিলেন, তাঁর কাছে এই আচরণ প্রত্যাশিত নয়।
যদিও, তৃণমূল কংগ্রেস প্রার্থীর সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেও, নির্বাচনী পদ্ধতিতে নাম প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় প্রকৃতপক্ষে জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতায় রইলেন। তবে, জাহাঙ্গীরের এই ঘোষণায় তাঁর অসহয়তাই প্রতিপন্ন হয়েছে বলে CPIM-এর দক্ষিণ ২৪ পরগণাই দলের জেলা সম্পাদক রতন বাগচী জানিয়েছেন।
তৃণমূল ও বিজেপির সমঝোতার বার্তা দিতেই জাহাঙ্গির খানের প্রার্থীপদ প্রত্যাহারের এই সিদ্ধান্ত বলে ISF নেতা নওশাদ সিদ্দিকী মন্তব্য করেছেন।
অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ, তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে যে আঁতাত রয়েছে, তা’ আরো একবার প্রমাণিত হল।