মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকেই তিন হাজার টাকা করে পাঠানো শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় দু কোটি উপভোক্তা উপকৃত হবেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
নবান্নে বেলা সাড়ে ১২টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একইসঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং কলকাতা পুরনিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত ১০০ জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুরনিগম এলাকাতেও একইভাবে ১০০ জন উপভোক্তাকে এই অনুমোদনপত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমাশাসক, বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলা উপভোক্তারা এই সুবিধা পাবেন।
প্রকল্পের সূচনার পর নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ।