মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরপর দু-দিন একে অপরের বিরুদ্ধে আক্রমণ না করায়, পরবর্তী পর্যায়ে অস্ত্র বিরতির আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। রাষ্ট্রসংঘে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালজ্ জানিয়েছেন, রাষ্ট্রপতি ট্রাম্প কূটনৈতিক আলোচনার বিষয়ে আগ্রহী। ওমান, ইরান এবং অন্যান্য মধ্যস্হতাকারী দেশগুলি একাধিক পর্যায়ে আলোচনা চালাচ্ছে। তিনি আরও জানান, ইরানের আক্রমণের বিরুদ্ধে মার্কিন প্রতিরোধী ক্ষেপণাস্ত্র অপ্রতুল, এই তত্ব তিনি খারিজ করে দিয়েছেন। ইরান সেনা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তেহেরানও এই অঞ্চলে আক্রমণ বন্ধ রেখেছে। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ না করায় গত দু-দিন ইরানও কোন হামলা চালায়নি।
উল্লেখ্য, জুন মাসে যে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল তা অমান্য করে ইরান হরমুজ প্রণালীতে জাহাগুলির ওপরে আক্রমণ চালালে ফের উত্তেজনা বাড়ে।
সম্প্রতি ইরানের আক্রমণে জর্ডনে তিন মার্কিন সেনার মৃত্যু হয়। অপর এক সেনা প্রাণহারান ইরাকে। ইতিমধ্যে ইরান এবং ওমানের মধ্যে তেহেরানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ব্যবস্হাপনার বিষয়ে কথাবার্তা হয়েছে। অপরদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু আগামীকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে সাম্প্রতিক পরিস্হিতি নিয়ে আলোচনা করবেন।