মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছ। সুইজারল্যান্ডে বার্গেনস্টক রিসোর্টে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল, তেহরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়েছে। আলোচনা এখনও চলছে বলে খবর। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, ইরানের নেতৃত্বে রয়েছেন স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ এবং বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। ইরানের পারমাণবিক কর্মসূচি ছাড়াও ইজরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি নিয়েও এই বৈঠকে কথা হবে বলে মনে করা হচ্ছে।
লেবাননের পরিস্থিতি এবং সেখানে ইজরায়েলের সামরিক অভিযান সম্পর্কে এক প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, কূটনৈতিক বার্তালাপে ইতিবাচক ইঙ্গিত মিলছে, তবে দীর্ঘস্থায়ী সমাধানের ব্যাপারে এখনও মতপার্থক্য রয়ে গেছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে উত্তেজনা প্রশমনে ও শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে আমেরিকা অগ্রণী ভূমিকা পালন করেছে।