মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালন করার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করেছেন। হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে দেখে। তার মতে, প্রধানমন্ত্রী মোদি এমন এক দেশকে নেতৃত্ব দিচ্ছেন, যা শক্তিশালী অর্থনৈতিক সাফল্য অর্জন করছে এবং ক্রমশ প্রভাবশালী আন্তর্জাতিক শক্তিতে পরিণত হচ্ছে। রুবিও আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, যা কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ। তিনি জানান, দুই দেশেরই গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বার্থ অভিন্ন, যা আরও ঘনিষ্ঠ সহযোগিতার জন্য দৃঢ় ভিত্তি তৈরি করেছে। বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা, গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, নিরাপত্তা এবং নৌপথের স্বাধীনতা—এই ক্ষেত্রগুলিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতা বাড়াচ্ছে বলে তিনি জানান।
মার্কিন বিদেশ মন্ত্রী ভারত- মার্কিন সম্পর্ক এর নৈকট্যের ক্ষেত্রে ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের অবদানের কথাও উল্লেখ করেন ।