মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং আগামীকাল থেকে ৩ রা জুন পর্যন্ত ভারত সফরে আসবেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন।
ভারত-চীন সীমান্তে পরামর্শদাতা ও সহযোগিতা বিষয়ক বৈঠক প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক দৃষ্টিভঙ্গি নিয়েই শেষ হয়। তিনি বলেন, উভয় পক্ষ সীমানা নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কার্যপ্রণালী নির্মাণ এবং সীমান্ত সহযোগিতা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। ভারত, আন্তঃসীমান্ত নদীগুলি নিয়ে পরবর্তী পর্যায়ের বিশেষজ্ঞ কার্যপ্রণালীর ওপরে জোর দিয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ভারত আফ্রিকার সিডিসি-তে প্রথম দফায় চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে, যা উগান্ডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সেখানকার সিডিসিএ অফিসে হস্তান্তর করেছেন। তিনি বলেন, আফ্রিকায়, জনস্বাস্থ্য জরুরি অবস্থা মোকাবিলায় নতুন দিল্লি সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতে প্রস্তুত।
বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশী হিসেবে সন্দেহভাজন কিছু মানুষের পরিচয় যাচাইয়ের উদ্দেশ্যে, ভারত ২ হাজার ৬ শো ৮০ টিরও বেশি মামলা সেদেশে পাঠিয়েছে। এই পরিচয় নিশ্চিত হলেই, ভারত বাংলাদেশের এই নাগরিকদের ফেরত পাঠাবে।
তিনি বলেন, বহু যাচাই প্রক্রিয়া পাঁচ বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত রয়েছে। বাংলাদেশের কাছ থেকে দ্রুত সাড়া পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান।
শ্রী জয়সোয়াল জানান, এগারোটি ভারতীয় পতাকাবাহী জাহাজ এখনও পারস্য উপসাগরীয় অঞ্চলে রয়েছে এবং চৌদ্দটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতে পৌঁছেছে।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র গিয়েছিল। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে একটি দলের ভারতে আসার কথা রয়েছে বলে তিনি জানান।
বলিভিয়ার অস্থিরতা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, ভারত সেখানকার ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে।