June 25, 2026 2:06 PM

printer

ভেনিজুয়েলার রাষ্ট্রপতি ডেলসী রডরিগেজ, সেদেশে ভয়াবহ ভূমিকম্পের পরই, জরুরী  অবস্থা ঘোষণা করেছেন।

ভেনিজুয়েলার রাষ্ট্রপতি ডেলসী রডরিগেজ, সেদেশে ভয়াবহ ভূমিকম্পের পরই, জরুরী  অবস্থা ঘোষণা করেছেন। সাত দশমিক দুই এবং সাত দশমিক পাঁচ মাত্রার পর পর দুটি কম্পনে কারাকাস ও তার আশপাশের এলাকায় আজ সকালে বহু বাড়ি ভেঙ্গে পড়ে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরী নয়, সেরকম পরিষেবা বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভয়াবহ এই ভূমিকম্পে বহু বড় কাঠামো ভেঙ্গে পড়েছে।  রাষ্ট্রপতি রডরিগেজ জানিয়েছেন, শক্তিশালী পর পর দুটি ভূকম্পনে এপর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত ৭০০-র’ও বেশী। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় আপৎকালীন ভিত্তিতে ত্রাণ ও উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তুপ সরানোর কাজ শেষ হলে মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।  

অন্যদিকে, জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে  ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দফতর  (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়াতে প্রিফেকচারের উপকূল থেকে দূরে, মাটির ৫০ কিলোমিটার গভীরে। আওমোরি প্রিফেকচারের হাশিকামি শহরের এই  ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে  ৭।