ভিয়েতনামের ফু কোয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে ১৩ জন পুরুষ ও ২ জন মহিলা সহ মোট ১৫ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ১০ জন তামিল নাড়ু, ৩ জন কেরালাম এবং ২ জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নৌকাটিতে, ৩৬ জন যাত্রীর মধ্যে ৩২ জনই ভারতীয় বলে খবর। ১৭ জন যাত্রী ও ৪ ক্রু সদস্য সহ ২১ জনকে বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। হন মে রুট থেকে আন থোই বন্দরে যাওয়ার পথে উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকাটি উল্টে যায়।
ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর নজর রাখছে। হো চি মিন শহরে ভারতের কনস্যুলেট জেনারেলের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নম্বরগুলি হল-84 36 281 7930, 84 91 552 3714, 84 33 452 0414।
হ্যানয়তেও একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। এর নম্বর হল 84 91 308 9165। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন উপরাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ভিয়েতনামে ভারতীয় দূতাবাস এবং কনস্যুলেট সম্ভাব্য সবরকম সহায়তা প্রদান করছে।