ভারত ও ব্রিটেনের মধ্যে সাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি –CETA আজ কার্যকর হয়েছে। একইসঙ্গে ডাবল কনট্রিবিউশন কনভেনশন -ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হয়েছে। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে।
এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের ৯৯ শতাংশই বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুই দেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে।
নতুন দিল্লিতে গতকাল বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল, ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যতমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে।
ডাবল কনট্রিবিউশন কনভেনশন -ডিসিসি সম্পর্কে বাণিজ্যসচিব বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাঁদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন।
এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। একইসঙ্গে বিশ্বব্যাপী মূল্য শৃঙ্খলের সঙ্গে ভারতের সংযুক্তি আরও মজবুত হবে।